সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক| ২৯ জুন ২০২৬ খ্রি.
জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকা আয় এবং ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, পূর্ববর্তী অর্থবছরের মতো এবারও কোনো ধরনের পৌরকর বৃদ্ধি ছাড়াই বাজেট প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জামালপুর পৌরসভায় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক মৌসুমী খানম প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, প্রায় ৫৩.২৮ বর্গকিলোমিটার আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম এই পৌরসভায় বর্তমানে প্রায় ২ লাখ মানুষের বসবাস। নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
এর আগে গত ২৪ জুন ২০২৬ পৌর ভবনের তৃতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসকের সহায়তা কমিটির বিশেষ সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট অনুমোদন করা হয়। প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকা আয় এবং ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা ব্যয়ের প্রস্তাব উপস্থাপন করা হয়।
বাজেটের প্রধান দিকসমূহ:-
রাজস্ব খাত: আয় ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা এবং ব্যয় ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা।
পানি সরবরাহ শাখা: আয় ৫১ লাখ ৯২ হাজার ৬০৯ টাকা এবং ব্যয় ৫০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।
চলমান চারটি উন্নয়ন প্রকল্প ও সরকারের উন্নয়ন সহায়তা, (এডিপি): আয় ২৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৫৯৯ টাকা এবং ব্যয় ২৯ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৫২ টাকা।
এডিপি খাত: আয় ৬ কোটি ৫১ লাখ ৭ হাজার ৫১০ টাকা এবং ব্যয় ৬ কোটি ৫০ লাখ ৮১ হাজার টাকা।
গুরুত্বপূর্ণ ও টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প: আয় ৮ কোটি ৫৮ হাজার ৮৮২ টাকা এবং ব্যয় ৮ কোটি ১৫ হাজার টাকা।
কুয়েত অর্থায়নে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প: আয় ৭ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৪৪৪ টাকা এবং ব্যয় ৭ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৪৪৪ টাকা।
প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা (আবর্তক) তহবিল: আয় ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ১৫৬ টাকা এবং ব্যয় ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা।
স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্প (LGCRRP): আয় ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬০৭ টাকা এবং ব্যয় ৫ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬০৮ টাকা।
প্রশাসকের বক্তব্য,
সংবাদ সম্মেলনে প্রশাসক মৌসুমী খানম বলেন,
“পৌরসভার রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা-২০২৫ অনুসরণ করে, শহর সমন্বয় কমিটি এবং পৌরসভার বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে আলোচনা করে ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, নাগরিক সেবা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, আলোকিত শহর গড়ে তোলা, বৃক্ষরোপণ এবং রাস্তাঘাটের উন্নয়নে এবারের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সময়মতো অর্থ বরাদ্দ পাওয়া গেলে পরিকল্পিত উন্নয়নের সুফল পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:
সংবাদ সম্মেলনে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, হিসাব রক্ষক মো. শরীফ উদ্দিন সোহাগ, প্রশাসকের সহায়তা কমিটির সদস্যবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রশাসক পৌরবাসীর সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে জামালপুর পৌরসভাকে আরও আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।