সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | জামালপুর |৮ জুন ২০২৬
জামালপুরে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রী উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন দিবাগত রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক আবুল খায়েরের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আল আমীনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া চোরাচালান কার্যক্রমে ব্যবহৃত একটি হোন্ডা ড্রিম ১১০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।
অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পরিচালিত পৃথক অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর জেলা পুলিশ জানায়, মাদক, চোরাচালান ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।