শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই ২০২৬ খ্রী.
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মেহেদী জামান বাপ্পীর বিরুদ্ধে গ্রাহক হয়রানি, জালিয়াতি ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।
রোববার (১২ জুলাই) সকাল ১১টায় নরুন্দি বাজারস্থ ইউনিয়ন ভূমি অফিসের সামনে প্রধান সড়কে স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে নরুন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেহেদী জামান বাপ্পী দায়িত্ব গ্রহণের পর থেকেই নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। নামজারি (মিউটেশন), খাজনা, দাখিলা ও অন্যান্য ভূমি-সংক্রান্ত সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। দাবি করা অর্থ পরিশোধ না করলে ফাইল দীর্ঘদিন আটকে রাখা এবং সেবাপ্রার্থীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা অভিযোগ করে বলেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রকৃত মালিককে বাদ দিয়ে অন্যের নামে জমির রেকর্ড, ভুয়া পর্চা ও দাখিলা তৈরির মতো গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও বয়স্কদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও তোলেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এক ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভূমি অফিসে বারবার ঘুরেও তিনি ন্যায্য সেবা পাননি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মেহেদী জামান বাপ্পীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।